ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক যুবককে নির্যাতনের ঘটনায় ওসি-এসপি'র পর এবার নারায়ণগঞ্জ বন্দর থানার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নূর আক্তারকে তলব করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ তাকে তলবের আদেশ দেয়।
নির্যাতনের শিকার যুবকের চিকিৎসা সনদে আহত হওয়ার বর্ণনা না থাকার কারণ জানাতে আগামী ৮ অগাস্ট নূর আক্তারকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
একই ঘটনায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি), বন্দর থানার ওসিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাস্থল মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যানকেও তাদের সঙ্গে তলব করা হয়।
আদালতের আগের নির্দেশে ওসি-এসপি সকালে হাইকোর্টে হাজির হয়।
বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ আদালতে বলেন, "ওই ঘটনায় পাঁচ আসামির বিরুদ্ধে এমটি মামলা দায়ের করা হয়েছে। প্রধান আসামি মহিউদ্দিনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।"
বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে উল্লেখ করেন তিনি। এ পর্যায়ে তারা ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক আবেদনে গত ২৪ জুলাই স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, নারায়ণগঞ্জের এসপি, বন্দর থানার ওসি ও মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যানকে তলব করে আদালত।
গত ২০ জুলাই দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত 'প্রেম করে বিয়ে করায় সালিশদাররা যা করলেন...' শিরোনামের একটি সংবাদকে ভিত্তি করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট আবেদনটি করে।
ওই প্রতিবেদনে বলা হয়, নারায়ণগঞ্জের বন্দর থানার লাঙ্গলবন্দের মহাত্মা গান্ধী মন্দিরের পূজারী রমেশ চক্রবর্তীর ছেলে বাবু চক্রবর্তীর সঙ্গে মুছাপুর ইউনিয়নের ব্রজেন্দ্র দাসের মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। তিন বছর আগে তারা বিয়ে করে। এ বিয়ে মেনে না নিয়ে ব্রজেন্দ্র দাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের কাছে বিচার দেন।
গত শনিবার সালিশ বসিয়ে চেয়ারম্যান বাবুকে বেধড়ক পেটায় এবং তার জননাঙ্গে ইট বেঁধে দুই কিলোমিটার হাঁটতে বাধ্য করে।
প্রতিবেদনে আরো বলা হয়, ঘটনাটি সাংবাদিকদের জানানোয় তার ভাই সুকুমার ও বিমলকে মারধর করে চেয়ারম্যানের লোকজন।
আদালতে ওসি-এসপির পক্ষে শুনানি করেন ব্যরিস্টার রোকনউদ্দিন মাহমুদ। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24