২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোড শেডিং: সাদুল্লাপুর পল্লী বিদুৎ অফিসে হামলা

ঘন ঘন বিদ্যুতের লোড শেডিংয়ে ক্ষুব্ধ হয়ে গাইবান্ধার সাদুল্লাপুর পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে তারাবির নামাজ পড়তে আসা মুসল্লিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 09:43 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

গাইবান্ধা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন ঘন বিদ্যুতের লোড শেডিংয়ে ক্ষুব্ধ হয়ে গাইবান্ধার সাদুল্লাপুর পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে তারাবির নামাজ পড়তে আসা মুসল্লিরা। মঙ্গলবার তারাবি নামাজ শেষে রাত পৌনে ১০টা ও সাড়ে ১০টায় দুই দফায় এ হামলা হয়। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসাও ঘেরাও করে মুসল্লিরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক শাহীন রেজা জানান, রোজার প্রথম দিনে তারাবির নামাজ, সেহেরি ও ইফতারের সময় বিদ্যুৎ না পেয়ে সাদুল্লাপুর বড় মসজিদে নামাজ পড়তে আসা কয়েকশ মুসল্লি রাত পৌনে ১০টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়। এ সময় তারা অফিসের জানালার কাচ ভাংচুর করে। এরপর বিক্ষুব্ধরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হকের বাসা ঘেরাও করে। এ সময় তিনি বের হয়ে এসে মুসল্লিদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তার কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে মুসল্লিরা রাত সাড়ে ১০টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসে দ্বিতীয় দফা চড়াও হন এবং ইট পাটকেল ছোড়েন। কর্মচারীরা শুরুতেই আত্মগোপন করায় কেউ আহত হয়নি বলে ওসি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পল্লী বিদ্যুৎ একটি বেসরকারি প্রতিষ্ঠান। এ কারণে আমার কিছু করার নাই। তারপরও যাতে রমজানে উপজেলা সদরে বিদ্যুৎ থাকে- তা নিশ্চিত করতে অনুরোধ করবো।" সাদুল্লাপুর পল্লী বিদ্যুতের সহকারী ব্যবস্থাপক মো. মাসুম আহমেদ বলেন, "আমাদের করার কিছু নাই। বিদ্যুৎ বণ্টন করা হয় রংপুর থেকে। এটা এরিয়া অফিস। আমাদের এখানে বিদ্যুৎ বিল প্রস্তুত, গ্রাহকদের বিভিন্ন অভিযোগ দেখা আর সংযোগ দেওয়া বা বিছিন্ন করার কাজ হয়।" পিডিবি থেকে চাহিদা অনুয়ায়ী বিদুৎ না পাওয়ার কারণেই বেশি লোড শেডিং দিতে হচ্ছে বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৩২৩ ঘ.