২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রমজানে রাস্তায় হকারদের বসতে দেওয়া হবে না'

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, রমজানে রাজধানীতে কোনো রাস্তায় হকারদের বসতে দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, রমজানে রাজধানীতে কোনো রাস্তায় হকারদের বসতে দেওয়া হবে না। এছাড়া ফুটপাতেও হকারের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি। সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের (বিসিএস) সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। রাজধানীতে অতিরিক্ত হকারের উপস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও হকার নেতারা আলোচনা করে করণীয় নির্ধারণ করবেন বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, রমজানে রাজধানীর ফুটপাতগুলোতে অতিরিক্ত হকার বসা ঠেকাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। রমজানে রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/পিডি/২০০৪ ঘ.