ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্মাণাধীন ভবনের নিরাপত্তা ও তদারকি বিষয়ে ব্যাখ্যা দিতে রাজউকের সব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিদর্শককে আদালতে হাজির হতে বলেছে হাইকোর্ট।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ওই কর্মকর্তাদের আগামী ৪ অগাস্ট আদালতে হাজির হতে হবে।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে রাজধানীতে নির্মাণাধীন বহুতল ভবনের লিফট ছিঁড়ে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় আদালতের স্বপ্রণোদিত আদেশের শুনানিতে সোমবার এ আদেশ দেওয়া হয়।
২১ জুলাই কাকরাইল পেট্রোল পাম্পের পাশে আইরিশ নূরজাহান টাওয়ারে লিফট ছিড়ে চার শ্রমিকের মৃত্যু হয়। 'বিল্ডিং ফর ফিউচার লিমিটেড' নামের একটি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণের দায়িত্বে রয়েছে।
স্বপ্রণোদিত ওই আদেশে আদালত বিল্ডিং ফর ফিউচারের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের তলব করলে সোমবার সকালে তারা আদালতে হাজির হন।
পরে তাদের পক্ষে শুনানিতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, 'নিরাপত্তার বিষয়টি দেখভাল করা রাজউকের দায়িত্ব। গত তিন মাসে তারা কয়টা ভবন তদারকি করেছেন, কী কী পদক্ষেপ নিয়েছেন সেটা দেখলেই থলের বিড়াল বের হয়ে যাবে।'
এরপর আদালত রাজউক কর্মকর্তাদের তলবের এ আদেশ দেয়।
রাজউক চেয়ারম্যানের হাজিরা পিছিয়েছে
এদিকে রাজধানীর পান্থপথে ভবন থেকে ইট পড়ে ছাত্র মৃত্যুর ঘটনায় রাজউক চেয়ারম্যানের হাজিরার দিন মঙ্গলবার থেকে পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে।
রাজউক চেয়ারম্যানের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট এ এফ এম মেসবাহ উদ্দিনের সময়ের আবেদনে এই আদেশ দেয় আদালত।
গত ২৮ জুলাই হাইকোর্ট এক আদেশে রাজউক চেয়ারম্যানকে তলব করেছিলো।
১৬ জুলাই হাবিবুর রহমান মুন্না (১৮) নামে এক শিক্ষার্থীর মাথায় পান্থপথে নির্মাণাধীন একটি ভবনের ১০ তলার ছাদ থেকে ইট পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
তেজগাঁও কলেজের এইচএসসি পরীক্ষার্থী মুন্না ওখানকার এক হাসপাতালে চিকিৎসাধীন মা কে দেখে ফিরছিলেন।
সাগুফতা ডি খান নামে ওই ভবনটি সাগুফতা গ্র"পের একটি প্রকল্প।
এ ঘটনায় ১৯ জুলাই আদালত স্বপ্রণোদিত আদেশ দিয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/পিডি/১৯৫২ ঘ.
bdnews24