২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় হবে পল্লী উন্নয়ন একাডেমি

পল্লী উন্নয়ন একাডেমিতে রূপান্তরিত হচ্ছে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন কেন্দ্র। এ জন্য বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি আইন, ২০১১-এর খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লী উন্নয়ন একাডেমিতে রূপান্তরিত হচ্ছে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন কেন্দ্র। এ জন্য বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি আইন, ২০১১-এর খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। তিনি জানান, পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎকন্দ্র স্থাপনে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও বৈঠকে অনুমোদন পেয়েছে। এ ছাড়া প্রবাসী কল্যাণমন্ত্রীর কাতার ও মরিশাস, পররাষ্ট্রমন্ত্রীর কলকাতা এবং নৌ-পরিবহনমন্ত্রীর শ্রীলঙ্কা সফর বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী জানান, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের বাংলাদেশ সফর, সায়মা হোসেন পুতুলের নেতৃত্বে অটিজম সম্মেলনে ভারতের কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর অংশ গ্রহণ এবং সীমান্তের চোরাচালানের বিষয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। এ ছাড়া বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জিএমজি এয়ারলাইন্সসহ বিভিন্ন বেসরকারি বিমান সংস্থার ফ্লাইটে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় সংশ্লিষ্ট মন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন বলে জানান ওই মন্ত্রী। বিমানমন্ত্রী গোলাম কাদের এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। ওই মন্ত্রী আরো জানান, বিমানমন্ত্রী আধুনিক বিমানবন্দর স্থাপনে প্রস্তাবিত চারটি স্থান পরীক্ষা করে আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন দেওয়া হবে বলে মন্ত্রিসভাকে অবহিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/পিডি/১৭৫৫ ঘ.