মৌলভীবাজার, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বন থেকে সেগুন গাছ কেটে পাচারের সময় কাঠ ভর্তি একটি ট্রাক আটক করেছে বন বিভাগ।
মৌলভীবাজার বনবিভাগের (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন) রেঞ্জার একেএম আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে ২৫-৩০ জন গাছচোরের একটি দল উদ্যানের গাড়িভাঙ্গায় কয়েকটি সেগুন গাছ কেটে পাচারের জন্য ট্রাকে তুলছিলো। খবর পেয়ে তিনি বনরক্ষীদের নিয়ে অভিযান চালান।
"আমাদের উপস্থিতি টের পেয়ে কাঠ বোঝাই ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে আমরা তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ি। এ অবস্থায় তারা ট্রাকটি ফেলে পালিয়ে যায়।"
উদ্ধার করা ৪৪ ঘনফুট কাঠের বাজার মূল্য দেড় লাখ টাকার মতো হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৯১১ ঘ.
bdnews24