ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ট্রলারের আরো চার আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছয় জনে দাঁড়ালো।
সোমবার উদ্ধার করা চার লাশের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- মো. হোসাইন (২১), মো. জাহাঙ্গীর (৩০) ও জাকির হোসেন (৪০)।
শনিবার রাত পৌনে ৯টার দিকে একটি বালুবাহী বার্জের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গা নদীতে ডুবে যায় ট্রলারটি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ 'অগ্রণী' ওই রাতেই দুর্ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরে নৌযানটি সনাক্ত করে। রোববার সেটি তীরের কাছে টেনে আনা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার পোস্তগোলা ব্রিজের নিচে একটি এবং আরো পূর্ব দিকে বাকি তিনটি লাশ নদীতে ভেসে ওঠে।
এর আগে শনিবার রাতেই দুজনের লাশ উদ্ধার করা হয়। এরা হলেন- মিটফোর্ড হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী মোস্তফা কামাল রিপন (২৬) এবং মোহাম্মদ আমির।
দুর্ঘটনায় আহত কয়েকজন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- নিহত রিপনের স্ত্রী মণিকা আক্তার (২২), আল আমিন (২৮), আবু তাহের (৪০) ও সোলয়মান (৩৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/জেকে/১৫২২ ঘ.
bdnews24