২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগাস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে স্মরণ

সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড স্মরণে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে অগাস্টের প্রথম প্রহরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 06:51 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড স্মরণে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে অগাস্টের প্রথম প্রহরে। রোববার রাত ১২টা এক মিনিটে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন, শপথ গ্রহণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং আলোর মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ। সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্য ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে। সোমবার সকালে কৃষক লীগ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা আয়োজন করেছে। জাতীয় শ্রমিক লীগ সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউ থেকে শোক র‌্যালি বের করবে। আওয়ামী আইনজীবী পরিষদ কালো ব্যাজ ধারণ ও সংগঠন কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করবে। ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস দেশব্যাপী যথাযথ মর্যাদায় পালনে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। ওইদিন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বিদেশের বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে ও আলোচনা সভার আয়োজন করা হবে। ১৫ অগাস্ট সকাল সাড়ে ৬টায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। ওইদিনই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/০০৩৫ ঘ.