২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই বছরে বিদেশে সাড়ে ১০ লাখ লোকের কর্মসংস্থান

বর্তমান মহাজোট সরকারের সময়ে গত আড়াই বছরে সাড়ে দশ লাখেরও বেশি বাংলাদেশি কাজ নিয়ে বিদেশে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 06:45 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান মহাজোট সরকারের সময়ে গত আড়াই বছরে সাড়ে দশ লাখেরও বেশি বাংলাদেশি কাজ নিয়ে বিদেশে গেছেন। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির এই বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানীকারক শীর্ষ পাঁচ দেশে বিদ্যমান সমস্যা, কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা এবং প্রবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে জানানো হয়, বর্তমান মহাজোট সরকারের ২ বছর ৫ মাসে ১০ লাখ ৬৭ হাজার ৭৩৮ জন বাংলাদেশি নাগরিকের বিদেশে কর্মসংস্থান হয়েছে, যা বিগত চাল দলীয় সরকারের প্রথম আড়াই বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। বিগত জোট সরকারের প্রথম ২ বছর ৫ মাসে ৫ লাখ ৬৪ হাজার ৭৯৮ জন কর্মী কাজ নিয়ে বিদেশে গিয়েছিল বলেও বৈঠকে জানানো হয়। অভিবাসন ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশনের ফলে কাজ সহজতর হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয় বৈঠকে। কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জাফরুল ইসলাম চৌধুরী, এবিএম আবুল কাসেম, মো. শাহাব উদ্দিন এবং এ. এ. মারুফ সাকলান বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০০০৫ ঘ.