গাইবান্ধা, ৩১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় রোববার দুপুরে বজ্রপাতে নারীসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিন জন।
নিহতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রামনাথের ভিটা গ্রামের আব্দুল গণি মাস্টারের ছেলে বাবু মিয়া (২৪) এবং বল্লমঝাড় ইউনিয়নের বল্লমঝাড় গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী শরিফা আকতার (৩৫)।
বাড়ির উঠানে কাজ করার সময় দুপুর সাড়ে ১২টার দিকে শরিফা আকতার এবং ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান বাবু মিয়া।
প্রায় একই সময় বজ্রপাতে গুরুতর আহত হন বল্লমঝাড় গ্রামের নুরন্নবী মিয়ার স্ত্রী সাদারানী (২৮), মনোহার আলীর স্ত্রী জাহানারা বেগম (৩৫), খামার বল্লমঝাড় গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী রুলি বেগম (৩৫)।
তাদের গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মো. আবু হানিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ওই দুই জনের মৃত্যু হয়। মৃত্যু অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আহত তিন জনের চিকিৎসা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৫১ ঘ.
bdnews24