রেল স্টেশনে রাবি ছাত্রদের ভাংচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন না থামায় রাজশাহী রেল স্টেশনে ভাংচুর চালিয়েছে ছাত্ররা। ভাংচুরের পর পুলিশ তিন ছাত্রকে আটক করলেও পরে ছেড়ে দেয়।
রাজশাহী, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন না থামায় রাজশাহী রেল স্টেশনে ভাংচুর চালিয়েছে ছাত্ররা। ভাংচুরের পর পুলিশ তিন ছাত্রকে আটক করলেও পরে ছেড়ে দেয়।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ছাত্ররা স্টেশনের মূল ফটকে কাচ ভাংচুর করে বলে পুলিশ ও রাজশাহী রেল স্টেশনের নিরাপত্তা কর্মীরা জানান।
রাজশাহী জিআরপি থানার ওসি মোনায়েম হোসেন সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে নামতে চায়। চালক ট্রেনটি না থামিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে নিয়ে আসে। সেখানে ট্রেন থেকে নেমে শিক্ষার্থীরা চালক ও নিরাপত্তাকর্মীদের ওপর চড়াও হয়।
ওসি জানান, ভাংচুরের সময় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের রিয়াদ, আসিফ এবং দ্বিতীয় বর্ষের রবিউল ইসলামকে আটক করে।
পরে বিভাগের প্রভাষক শাওন হোসেন মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নেয় বলে জানান তিনি।
ছাত্ররা জানায়, বিশ্ববিদ্যালয় স্টেশনে তাদের নামিয়ে দেওয়ার কথা বললেও ট্রেন থামানো হয়নি। স্টেশনে উল্টো তাদের ওপর রেলের নিরাপত্তাকর্মীরা চড়াও হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১১৫০ ঘ.
