২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট: বিস্ফোরক মামলাতেও তারেক 'পলাতক'

বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক আইনের মামলাতেও তারেক রহমানকে পলাতক দেখিয়ে প্রতিবেদন দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক আইনের মামলাতেও তারেক রহমানকে পলাতক দেখিয়ে প্রতিবেদন দিয়েছে পুলিশ। মামলার অপর আসামি সাংসদ কায়কোবাদকে বিদেশে পলাতক এবং পুলিশের সাবেক ডিসি (দক্ষিণ) খান সাঈদ হাসান, হাফেজ মাওলানা ইয়াহিয়া ও মুফতি শফিকুর রহমানকেও পলাতক দেখানো হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য জারি করা পরোয়ানাগুলো তামিল না হওয়ায় বৃহস্পতিবার সেগুলো ঢাকার এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালে (মহানগর দায়রা জজ আদালতে) ফেরত পাঠান সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাখাওয়াত হোসেন বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেকে নিশ্চিত করেছেন। এর আগে গত ১০ জুলাই পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, ২১ অগাস্টের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার করতে গিয়েও তারেক রহমানকে তার ঠিকানায় পাওয়া যায়নি। সেখানে তার কোনো ব্যক্তিগত অস্থাবর সম্পদ না পাওয়ায় মালামাল জব্দের (ক্রোক) পরোয়ানাও তামিল করা যায়নি। এক ডজনেরও বেশি মামলার আসামি বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক তত্ত্বাবধায়ক সরকার আমলে জামিনে মুক্তির পর লন্ডনে যান। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বড় ছেলে তারেকসহ নতুন ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে গত ৩ জুলাই গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বিস্ফোরক আইনের মামলায় তারেকসহ ১২ পলাতক আসামিকে গ্রেপ্তার ও তাদের মালামাল জব্দের জন্য গত ১৪ জুলাই পরোয়ানা জারি করে আদালত। এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ১১ অগাস্ট দিন নির্ধারিত আছে। বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫ জনের পরোয়ানা ফেরত পাঠিয়েছে পুলিশ। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ওই গ্রেনেড হামলার ঘটনায় দলটির কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ' লোক আহত হয়। এতে শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রিয়ও ক্ষতিগ্রস্ত হয়। আওয়ামী লীগ বলে আসছে, তারেক রহমানই ছিলেন ওই হামলার মূল পরিকল্পনাকারী। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপির অভিযোগ, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় ফাঁসানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২১৪৫ ঘ.