সাভার, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে ছয় ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় উপস্থিত পুলিশ সদস্যদের দ্বিতীয় দফায় সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি।
বুধবার তদন্ত কমিটি সাভার মডেল থানায় এ সাক্ষ্য নেয়। রোববার প্রথমবারের মত তদন্ত কমিটি ঘটনাস্থল বড়দেশীর কেবলারচর পরিদর্শন করে মামলার বাদীসহ ১০ জনের স্বাক্ষ্য নেয়।
১৭ জুলাই গভীর রাতে আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলার চরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় ছাত্র ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরেক যুবক। এ ঘটনায় আহত-নিহতদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করেন স্থানীয় এক ব্যবসায়ী। স্থানীয় পাঁচ/ছয়শজনকে আসামি করে একটি হত্যামামলা করে পুলিশ।
নিহতরা হলেন- ইব্রাহিম খলিল (২৪), শহিদুর রহমান পলাশ (২৬), কামরুজ্জামান কান্ত (২৪), টিপু সুলতান (২৩), শামস্ রহিম শাম্মাম (২২) ও মনির হোসেন (২৫) নিহত হয়। আহত হয় আল-আমিন নামের আরও এক যুবক।
গণপিটুনির এ ঘটনা খতিয়ে দেখতে গত ২১ জুলাই চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে পুলিশ। এ কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে তদন্ত কমিটি সাভার মডেল থানায় সহকারী পুলিশ সুপার (এএসপি) মনোয়ার হোসেনের কার্যালয়ে আসেন। সেখানে ঘটনার দিন দায়িত্ব পালনকারী উপ-পরিদর্শক (এসআই) হারেজ শিকদার, আনোয়ার হোসেন এবং তাদের সঙ্গে থাকা কনস্টেবল ও সিপাহিদের সাক্ষ্য নিয়েছে কমিটি।
"ঘটনাস্থলে তারা কীভাবে পৌঁছাল, কে খবর দিয়েছে, পৌঁছে কী পেয়েছে, লাশগুলো কীভাবে থানায় আনা হলোসহ বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি।"
সন্ধ্যা ৬টার দিকে তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ শেষে চলে যায় বলে জানান আমিনুর।
এদিকে ডাকাতি ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান রাত ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিকট তদন্ত কমিটি থানায় এসে জিজ্ঞাসাবাদের বিষয়টি অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৩৩ ঘ.
bdnews24