ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ পর্যায়ে চিকিৎসক সংকট, পদায়ন হওয়া চিকিৎসকদের না থাকা ও বদলির তদবির এবং জেলা পর্যায়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে দায়িত্ব পালনের সুযোগ না পাওয়ার সমস্যা নিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করলেন জেলা প্রশাসকরা (ডিসি)।
ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের সঙ্গে বৈঠকে ডিসিরা এসব সমস্যার কথা তুলে ধরেন।
স্বাস্থ্যমন্ত্রী এএফএম রুহুল হকের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরীও এ বৈঠকে তার মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে ডিসিদের ব্রিফ করেন।
তিনদিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে মঙ্গলবার।
বৈঠক শেষে সৈয়দ মোদাচ্ছের আলী সাংবাদিকদের বলেন, মাঠপর্যায়ে পদায়ন হওয়া চিকিৎসকদের সুবিধামতো জায়গায় বদলির ক্ষেত্রে তদবির না করার জন্য ডিসিদেরও বলেছি। তাদের বলেছি, যেন নিজের কোনো স্বজনের জন্যও তারা বদলির তদবির না করেন।
এক্ষেত্রে চিকিৎসকের ছয় হাজার শূন্য পদে নিয়োগের জন্য তদবিরের বিষয়টিও উল্লেখ করেন উপদেষ্টা মোদাচ্ছের আলী।
তিনি বলেন, ডিসিরা বিভিন্ন স্থানে সরকারি অর্থায়নে গড়ে ওঠা ট্রমা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) না থাকার সমস্যার কথাও তুলে ধরেন।
এ ব্যাপারে উপদেষ্টা বলেন, পর্যায়ক্রমে এ সমস্যার সমাধান করা হবে।
ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকগুলোর বেহাল দশার কথা স্বীকার করে তিনি বলেন, এগুলোর জনবল সংকট দূর করে সচল করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
জেলা পর্যায়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নেতাদের তৎপরতার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, রাজনৈতিক সরকারের সময় এ ধরণের কিছু সমস্যা হয়েই থাকে। তবে এগুলো দূর করা হবে। শুধু জেলা প্রশাসক নয়, সাংবাদিকসহ সব পর্যায়ের প্রতিনিধি নিয়ে এ কমিটি করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৪৩ ঘ.
bdnews24