ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের পশাপাশি শিক্ষকদেরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশের ছেলে-মেয়েরা মেধাবী- এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি।
বুধবার সকালে গণভবনে এইচএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে দেশের শিক্ষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, "ক্লাশে মনোযোগী হয়ে শিক্ষা দেবেন, যেনো ছেলে-মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসে।"
সকাল সাড়ে ১০টা ৫১ মিনিটে প্রধানমন্ত্রী ল্যাপটপের বোতাম চেপে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল অবমুক্ত করেন। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ সময় প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের একটি সিডি এবং সব শিক্ষা বোর্ডের ফলাফলের একটি পুস্তিকা তুলে দেন।
এরপর শেখ হাসিনার হাতে নিজ নিজ বোর্ডের ফলাফল তুলে দেন দশ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
গণভবন থেকে অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে সরাসরি দেখানো হয়। ওই মিলনায়তনে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুর রউফ, কলেজের অধ্যক্ষ সাদেকুর রহমান, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ওজিফা ইসলাম, মানবিক বিভাগের সুমাইয়া সুলতানা চম্পা ও ব্যবসায় প্রশাসন বিভাগের নাবিলা আশরাফা অনন্যার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথাও বলেন প্রধানমন্ত্রী।
ভিডিও কনফারেন্সের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, "চাঁদপুরে দেখি, চাঁদের হাট বসেছে।"
এবারের এইচএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে তাদের হতাশ না হয়ে আরো মনোযোগী হতে বলেন শেখ হাসিনা। আর যারা কৃতকার্য হয়েছে, তাদের উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিতে বলেন।
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৫ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, এ হার গতবারের চেয়ে শূন্য দশমিক ৮ ভাগ বেশি। এবার জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার বেড়ে ৩৯ হাজার ৭৫৯ হয়েছে।
গত ৫ এপ্রিল সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার পর ৫৫ দিনে ফল প্রকাশ করায় শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। সব বোর্ডের পরীক্ষা একই প্রশ্নে হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষার উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য- এ কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, "ঢাকার নামি-দামি স্কুলের ক্লাসের ভিডিও সরাসরি সারা দেশে প্রচার করা হবে। বিজ্ঞানের প্রসার ঘটেছে। এই সুযোগ নিয়ে আমরা শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারবো।"
দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা দিতে 'শিক্ষা সহায়ক ট্রাস্ট ফান্ড' গঠনের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "এই ফান্ডে সরকার এক হাজার কোটি টাকা অনুদান দিয়েছে। আরো অনুদান সংগ্রহ করা হবে।"
চাঁদপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে বসে তিন পরীক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করে এবং প্রধানমন্ত্রীর আর্শীবাদ চায়। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান এবং তাদের ফলাফল প্রত্যাশা করেন।
সুমাইয়া সুলতানা চম্পা প্রধানমন্ত্রীর কাছে দোয়া চেয়ে বলে, "দোয়া করবেন- আমরা যেনো পররাষ্ট্রমন্ত্রীর (দীপু মণি) মতো হতে পারি।"
এ সময় নাবিলা আশরাফা অনন্যার কণ্ঠে ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারার উচ্ছ্বাস।
"আপনার ডিজিটাল বাংলাদেশের জন্য আমরা আপনার সাথে কথা বলতে পারছি। আমরা অনেক খুশী। দোয়া করবেন- আপনার হাত ধরে যেন আমরা এগিয়ে যেতে পারি।"
চাঁদপুর সরকারি মহিলা কলেজে একটি আইসিটি গবেষণাগার করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন অধ্যক্ষ সাদেকুর রহমান।
ফলাফর হস্তান্তর অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, "আপনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রের যে অগ্রগতি হয়েছে তা প্রতিফলিত হয়েছে এই ফলাফলে। আগে সাড়ে তিন মাসের ফলাফল দেওয়া হতো। এখন নকলমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান আমরা নিশ্চিত করতে পেরেছি। শিক্ষার মান উন্নয়নে আমাদের চেষ্টা অব্যাহত আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/প্রতিনিধি/জেকে/১৬৪০ ঘ.
bdnews24