হবিগঞ্জ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার মাস আগে চুনারুঘাটের রেমা বনাঞ্চলের কাছ থেকে একটি হরিণ শাবককে ধরে নিয়ে যান আলীনগর গ্রামের এক ব্যক্তি। পরে বনকর্মীরা উদ্ধার করলেও বয়স কম হওয়ায় দৃশ্যত 'বন্দিই' ছিলো সেটি। অবশেষে সেই বন্দিদশা কাটলো শাবকটির।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটের রেমা-কালেঙ্গা অভয়ারণ্যের জিতরাম বাড়ি নামক স্থানে হরিণ শাবকটিকে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মো. হুমায়ূন কবির, বিশেষ টহল বাহিনীর ওসি মো. আনিছুর রহমান, রেমা বিট কর্মকর্তা তোফাজ্জল হোসেন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন লিটন, সাংবাদিক আকরামুল ইসলামসহ বনকর্মীরা।
ওসি মো. আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৭ এপ্রিল চুনারুঘাটের আলীনগর গ্রামের সুরুজ মিয়া রেমা বনাঞ্চলের কাছে হরিণ শাবকটিকে পেয়ে ধরে বাড়িতে নিয়ে যায়। এ খবর পেয়ে বন বিভাগের লোকজন শাবকটি উদ্ধার করে টহল কার্যালয়ে নিয়ে যায়।
তবে একেবারে ছোট হওয়ায় এবং মা ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয় বলে শাবকটিকে তখন বনে অবমুক্ত করা হয়নি বলে জানান তিনি।
আনিছ জানান, এই চার মাস বন বিভাগ শাবকটি লালন-পালন করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার এটিকে অবমুক্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬৫০ ঘ.
bdnews24