ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে 'পরিবেশ ব্যবস্থাপনা মন্ত্রণালয়' করার প্রস্তাব করে এ মন্ত্রণালয়ে এক জন পূর্ণ মন্ত্রী দেওয়ার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে 'পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থাপনা : মন্ত্রণালয়ের ভূমিকা' শীর্ষক এক মতবিনিময় সভায় সংগঠনটির চেয়ারম্যান আবু নাসের খান বলেন, "পরিবেশ ও বন মন্ত্রণালয়ে এক জন পূর্ণ মন্ত্রী না থাকায় সেখানে কাজের কোনো গতিশীলতা নেই।"
আওয়ামী লীগের বিগত সরকারে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী ছিলো। তবে এবার প্রতিমন্ত্রী এ দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন।
পরিবেশ ও বন মন্ত্রণালয় ছাড়াও শিল্প, যোগাযোগ, বিদ্যুৎ ও খনিজ সম্পদ, পানি সম্পদ, কৃষি, ভূমি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এলোকেশন অব বিজনেসের (কর্মপরিধি বণ্টন) মধ্যে অবশ্যই পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষার বিষয়ে সুস্পষ্ট উল্লেখ রাখার দাবি জানান পবা চেয়ারম্যান।
তিনি অভিযোগ করেন, পরিবেশের ক্ষতির জন্য বিভিন্ন ব্যক্তি, ব্যক্তি মালিকানাধীন এবং কিছু সরকারি প্রতিষ্ঠান দায়ী।
পরিবেশের ক্ষতিকারক বিষয়গুলো সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে হবে বলে মন্তব্য করেন সাবেক সচিব সোহেল আহমেদ চৌধুরী।
তিনি বলেন, পরিবেশ মন্ত্রণালয়কে এ ব্যাপারে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগসূত্র স্থাপন করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান নূরজাহান বেগম, সংসদ সদস্য মজিবুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরআরডি/আরএ/এমআই/১৫৫০ ঘ.
bdnews24