২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনকল্যাণে কাজ করুন, ডিসিদের প্রতি প্রধানমন্ত্রী

ভূমিহীনদের তালিকা তৈরি, সরকারি ভাতার অপব্যবহার রোধসহ নানা নির্দেশনা দিয়ে জনকল্যাণে কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 04:23 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিহীনদের তালিকা তৈরি, সরকারি ভাতার অপব্যবহার রোধসহ নানা নির্দেশনা দিয়ে জনকল্যাণে কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "আমরা যেমন জনগণের সেবক হিসাবে এসেছি। আপনারাও জনগণের সেবক। জনস্বার্থে কাজ করাই আপনাদের মূল উদ্দেশ্যে। আপনাদের দায়িত্ব অনেক বড়।" জেলা প্রশাসকদের সরকার ও জনগণের সেতুবন্ধন হিসেবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাজস্ব আদায় বাড়াতে কর দিতে নাগরিকদের উদ্বুদ্ধ করা, স্কুলশিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, সরকারি বিভিন্ন প্রকল্পে ঠিক সময়ে শেষ করা, বাজার পরিস্থিতি তদারক করা, মাদক প্রতিরোধ কার্যক্রম গতিশীল করতেও জেলা প্রশাসকদের প্রতি তাগিদ দেন হাসিনা। জেলার তথ্য বাতায়নগুলো নিয়মিত হালনাগাদ রাখারও পরামর্শ দেন তিনি। বর্তমান সরকারের সময়ে অনুষ্ঠিত নির্বাচনের বিষয়ে তিনি বলেন, এতে সরকারের পক্ষ থেকে কোনো রকম হস্তক্ষেপ হয়নি। জনগণের ভোট জনগণ যেন দিতে পারে, তা আপনাদের (জেলা প্রশাসক) নিশ্চিত করতে হবে।" ভূমিহীনের তালিকা তৈরির নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "প্রত্যেকটা মানুষ বাড়ি পাবে। গৃহহীনদের বসতির ব্যবস্থা করতে হবে। আমি চাই না, একটি মানুষও গৃহহীন থাকুক। প্রত্যেকটা মানুষের থাকার একটা ঘর থাকবে।" ৪৬ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্পগুলো যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় সেদিকে জেলা প্রশাসকদের নজর রাখতে বলেছেন তিনি। শিক্ষার হার বাড়ানো এবং ঝরে পড়া রোধে জেলা প্রশাসকদের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে হাসিনা বলেন, "সরকার থেকে স্কুলফিডিং প্রোগ্রাম করতে গেলে তা দুর্নীতির আখড়ায় পরিণত হবে। এজন্য জনপ্রসাশন, অভিভাবক ও স্কুল প্রশাসনকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। আমি আপনাদের একটা ধারণা দিলাম।" জন্ম নিবন্ধনের পাশাপাশি মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার জন্যও জেলা প্রশাসকদের নজর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারের দেওয়া বিভিন্ন ভাতার বিষয়ে তিনি বলেন, "একই পরিবার সব ধরনের ভাতা পাচ্ছে; আর কোনো পরিবার কোনো ভাতা পাচ্ছে না। এটা বন্ধ করতে হবে।" বিভিন্ন জেলায় উৎপাদিত বিশেষ পণ্যগুলো বাজারজাত করার বিষয়ে গুরুত্ব দিতে জেলা প্রশাসকদের প্রতি পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জেলা প্রসাশকদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ। জেলা প্রশাসকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চট্ট্রগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ ও রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়দা শাহানা পারভীন। আরো বক্তব্য রাখেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মইনুদ্দীন আবদুল্লাহ। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়ন এনে কিছু ভূমিদস্যু ও প্রভাবশালী লোকদের কাছ থেকে সরকারি জমি রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিন দিনের এ সম্মেলনে ৩২১টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। উদ্বোধন পরবর্তী অধিবেশনগুলো হবে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে। সম্মেলনের দ্বিতীয় দিন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করবেন জেলা প্রশাসকরা। ২৮ জুলাই বিকালে সম্মেলন শেষ হবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০১০ সালের ২৬ থেকে ২৮ জুলাই জেলা প্রশাসক সম্মেলনে (ডিসি) নেওয়া ২৮৯টি সিদ্ধান্তের মধ্যে মাত্র ১২৭টি সিদ্ধান্ত দ্রততার সঙ্গে বাস্তবায়ন সম্ভব হয়েছে। বাকি ১৬২টি সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন সম্ভব হয়নি। এগুলো বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪৪৫ ঘ.