ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে বন্দরের টিপুদি এলাকায় আনোয়ার হোসেন (৫০) মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন।
রাত সোয়া ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
সোমবার (২৫ জুলাই) চেয়ারম্যান হিসেবে তার শপথ গ্রহণের দিন ধার্য ছিল।
আনোয়ার হোসেনের চাচাত ভাই আব্দুর রহমান চিশতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শপথ গ্রহণ উপলক্ষে তারা কয়েকজন মোটরসাইকেলে বন্ধুবান্ধব ও স্বজনদের সঙ্গে দেখাসাক্ষাৎ করছিলেন।
"পরে আমরা শুনি দুর্ঘটনায় তিনি মারা গেছেন," বলেন তিনি।
তিনি দাবি করেন, এটি দুর্ঘটনা না হয়ে হত্যাকাণ্ডও হতে পারে। কারণ, দুর্ঘটনা হলে মোটরসাইকেলটির কিছু হলেও ক্ষতি হতো। কিন্তু মোটরসাইকেলটির কোনো ক্ষতিই হয়নি।
আনোয়ার হোসেনে মুসাপুর ইউনিয়নের প্রয়াত মো. রফিকের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩১ ঘ.
bdnews24