বরিশাল, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সরকারি হাতেম আলী কলেজে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন অধ্যক্ষ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ মসজিদ থেকে এই চারজনকে আটক করা হয়। তারা হলেন, বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মোহাম্মদ আল-আমিন (২০), হাতেম আলী কলেজ শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন (২২), সদস্য মো. আল মামুন (২৩) ও কর্মী মো. মাহবুবুল ইসলাম (২৫)।
এই ঘটনায় হাতেম আলী কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, এই চারজন বেলা ১১টার দিকে কলেজের মসজিদে আলোচনা করছিলো। সাধারন ছাত্ররা এই খবর পেয়ে তাদের আটক করে।
অধ্যক্ষের অনুমতি না নিয়ে মসজিদে আলোচনা সভা করায় তাদেরকে পুলিশে সোপর্দ করা করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অধ্যক্ষ কোতয়ালী মডেল থানার ওসির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মোহাম্মদ আল-আমিন বলেন, সংগঠনের কলেজ শাখার নতুন কমিটি গঠনের জন্য তারা ৪ জন মসজিদে বসে আলাপ করছিলেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদের উপর হামলা ও মারধর করে। এতে সংগঠনের কলেজ শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ও সদস্য মো. আল মামুন আহত হয়েছেন।
কোতয়ালী মডেল থানার ওসি মতিয়ার রহমান বলেন, এই অভিযোগের ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম বাপ্পি বলেন, ওই চারজন কলেজের মসজিদে গোপনে বৈঠক করছিলো।
তাদেরকে মসজিদে বসে সভা করতে নিষেধ করা হয়। কিন্তু তারা সেখানে বসে সভা করতে চাইলে তাদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের মারামারি হয়।
পরে কলেজের অধ্যক্ষ ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৫৯ ঘ.
bdnews24