২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছাত্রফ্রন্টের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৭

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিলে ছাত্রলীগের হামলায় ৭ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 10:36 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

বগুড়া, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিলে ছাত্রলীগের হামলায় ৭ জন আহত হয়েছে। রোববার দুপুরে এই হামলার সময় ছাত্রলীগ কর্মীরা ছাত্রফ্রন্টের সভা মঞ্চ ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র প্রত্যক্ষদর্শী কায়সার আহমেদ জানান, দুপুর ১২টার দিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি আজিজুল হক কলেজ শাখা তেল গ্যাস রপ্তানি চুক্তি বাতিল ও গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবিতে ক্যাম্পাসে সমাবেশের আয়োজন করে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালামতুল্লাহ মাইক ব্যবহার না করার জন্য তাদের অনুরোধ করে চলে যান। সমাবেশের শেষ দিকে সমাবেশস্থলে ছাত্রলীগের এক কর্মীর সাথে ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের বাগবিতণ্ডা শুরু হয়। এ ঘটনায় ছাত্রফ্রন্ট তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে এবং ছাত্রলীগের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। এতে ছাত্রলীগ নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তাদের উপর হামলা চালায় এবং সভা মঞ্চ ভাংচুর শুরু করে। হামলার মুখে ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা পালিয়ে যায়। এ ঘটনায় তাদের ৭ নেতাকর্মী আহত হয়। আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগ নেতা আবু বনি খুররামের সভাপতিত্বে তাৎক্ষণিক ভাবে ক্যাম্পাসে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী জুয়েল ঘটনার জন্য ছাত্রফ্রন্ট নেতাকর্মীদের দায়ী করে বলেন, ছাত্রফ্রন্ট নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের উপর হামলা চালিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করছে। ছাত্রফ্রন্ট জেলা শাখার সভানেত্রী কিবরিয়া হোসেন অভিযোগ করেন, ছাত্রলীগ নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে। এতে বাসদ জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, বাসদ কেন্দ্রীয় নেতা কল্যান দত্ত, ছাত্রফ্রন্টের কলেজ শাখার সাধারণ সম্পাদক শিতল সাহা, অর্থ বিষয়ক সম্পাদক পলাশ কর্মকার, সহ সভাপতি রাধা রানী বর্মন ও ছাত্রফ্রন্ট নেতা নিখিল নওশাদ সাজু মারাত্মক ভাবে আহত হয়। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিতল সাহা ও পলাশ কর্মকারের অবস্থা আশঙ্কাজনক। কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালামতুল্লাহ বলেন, আমি ছাত্রফ্রন্ট নেতাকর্মীদের সমাবেশে মাইক ব্যবহার করতে নিষেধ করে চলে যাই। এরপরেই উভয় পক্ষের মধ্যে মারপিটের কথা শুনেছি। তিনি জানান, কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৩০ ঘ.