সিলেট, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল সড়কে মালবাহী ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন।
রোববার সকাল ১১টার দিকে উপজেলার সারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার পুর্ব বটতলা এলাকার ইছন আলীর ছেলে মো. জয়নাল (৩০) ও প্রয়াত আব্দুল মান্নানের ছেলে আবুল হোসেন (৩৫)।
তামাবিল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানান, সিলেট থেকে জাফলংগামী একটি মাল বোঝাই ট্রাকের সঙ্গে সিলেটগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার দুই যাত্রীর মৃত্যু হয়।
আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫০০ ঘ.
bdnews24