চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নগর বিএনপি। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল-সমাবেশ করা হয়।
পঞ্চদশ সংশোধনী বাতিল, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে পুলিশ নির্যাতনসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও মিছিল হয়।
শনিবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, লক্ষীপুরের বিপ্লবের ফাঁসির রায় বাতিল করে সরকার রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস পালনের নজির স্থাপন করেছে।
তিনি অবিলম্বে ফাঁসির দণ্ডাদেশ মওকুফের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম।
এতে অন্যাদের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ রোজী কবীর, নগর সহ-সভাপতি আবু সুফিয়ান, যুবদলনেতা কজী বেলাল, ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, ছাত্রদল নেতা মোশাররফ হোসেন দীপ্তি প্রমুখ।
সমাবেশ শেষে নাসিমন ভবন থেকে আমীর খসরুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাসের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ ৫৫টি অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়।
২১ অগাস্ট গ্রেনেড হামলার দুটি মামলায় তারেক বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এছাড়া চলতি মাসে বিএনপির ডাকা হরতালের সময় পুলিশের লাঠিপেটায় আহত হন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২৩০৮ ঘ.
bdnews24