জয়পুরহাট, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাল্য বিয়ে চলাকালে জয়পুরহাটের কালাই উপজেলায় বর ও কাজীকে কারাদণ্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ রহিম শুক্রবার রাতে এ আদেশ দেন।
আদেশে বর আঁওড়া পূর্বপাড়া গ্রামের মামুনুর রশিদকে (২২) ২৫ দিন এবং নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) মূলগ্রামের আব্দুল করিমকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাতে তাদের থানা হাজতে রাখা হয়েছে। শনিবার জেল হাজতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
কালাই থানার ওসি ফজলুল করিম জানান, রাত ৮টার দিকে কাথাইল গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে মামুনুর রশিদের বিয়ে হচ্ছিল। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ রহিম পুলিশ নিয়ে ঘটনাস্থল কনের বাড়ি যান।
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৬ ঘ.
bdnews24