ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপ্রার্থী ও বিবাদীর সম্মতি নিয়ে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি উৎসাহিত করার ওপর জোর দিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
শুক্রবার সন্ধ্যায় বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সস্টিটিউটে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, বিকল্প নিষ্পত্তিতে বিচারপ্রার্থীর সময় ও খরচ কম হয়। পাশাপাশি হয়রানিও কমে। তাই এ পদ্ধতিকে ব্যপকভাবে উৎসাহিত করতে হবে।
"তবে এক্ষেত্রে বিচারক ও আইনজীবীদের নৈতিকতার মধ্য থেকে কাজ করতে হবে। কেউ যেন নীতি বিসর্জনা না দেয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।"
প্রধান বিচারপতি বলেন, "এ পদ্ধতি কার্যকর করতে সাধারণ মানুষ, বিচারকসহ সমাজের সব স্তরের মানুষের পাশাপাশি আইনজীবীদেরও উৎসাহ দিতে হবে।"
তবে উভয় পক্ষের সম্মতি না থাকলে এ পদ্ধতিতে বিচার না করার বিষয়েও সতর্ক করে দেন তিনি।
"এই পদ্ধতিতে বিচারের ক্ষেত্রে বোঝাপড়াটাই সব নয়। সংশ্লিষ্ট বিরোধ সংক্রান্ত আইনগুলো সম্পর্কেও বিচারকের সঠিক ধারণা থাকতে হবে," যোগ করেন বিচারপতি মোজাম্মেল হোসেন।
তিনি বলেন, "এটি একটি ব্যবস্থাপনাগত ইস্যু। তাই সঠিক ব্যবস্থাপনা না হলে এর সুফল পাওয়া যাবে না।"
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের লয়োলা ল' স্কুল ফর কনফ্লিক্ট রেজুলেশনের সাউথ এশিয়ান ইন্সস্টিটিউট অব অ্যাডভান্স লিগ্যাল এন্ড হিউম্যান রাইট স্টাডিজ (সেইলস) এবং বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত এই কর্মশালায় ২৫ জন বিচারক ও ১৮ জন আইনজীবী অংশ নেন। ২৩ জুলাই সকালে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে একটি সেমিনারও করবে আয়োজকরা।
আইন কমিশনের চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিচার প্রশাসন ও প্রক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মফিজুল ইসলাম, লয়োলা ল' স্কুলের পরিচালক অধ্যাপক ম্যারি বি. কালবার্ট, অধ্যাপক হিরো এন আরাগাকি ও সেইলসের প্রশাসনিক পরিষদের সদস্য ড. শরিফ ভূঁইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২০৫০ ঘ.
bdnews24