মানিকগঞ্জ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার থেকে চুরি হওয়া ২০ লাখ টাকা মানিকগঞ্জের শিবালয় উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার সকালে শিমুলিয়া গ্রামে এই উদ্ধার অভিযান চালানো হয়।
আটক হয়েছেন গাড়ি চালক নুর মোহাম্মদ ও তার ভগ্নিপতি শফিকুল ইসলাম।
শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেমায়েতপুরের তৈরি পোশাক কারখানা হলমার্ক'র কর্মকর্তা আমজাদ হোসেন বৃহস্পতিবার বিকালে ২৭ লাখ টাকা নিয়ে গাড়িতে করে ধামরাই সোনালী ব্যাংক শাখায় আসেন।
তিনি গাড়িতে ২০ লাখ টাকা রেখে সাত লাখ টাকা নিয়ে ব্যাংকে ঢোকেন। কিন্তু ফিরে এসে দেখেন, গাড়ি আছে কিন্তু চালক নুর মোহাম্মদ ও টাকা নেই।
ওইদিনই ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আমজাদ হোসেন।
শুক্রবার সকালে শিমুলিয়া গ্রামে নুর মোহাম্মদের ভগ্নিপতি শফিকুল ইসলামের বাড়ি থেকে ২০ লাখ টাকা উদ্ধার এবং নুর মুহাম্মদ ও শফিকুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২১ ঘ.
bdnews24