ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় আদালতের নির্দেশে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আদালতের নির্দেশনা অনুযায়ী চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার হাইকোর্টে হাজিরা দিতে আসলে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ তাকে গ্রেপ্তারের আদেশ দেন। এরপর তাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
গত ১৪ জুলাই দেওয়া হাইকোর্টের আদেশ পেয়ে শরণখোলা থানার ওসি আব্দুল আজিজও বৃহস্পতিবার মোজাম্মেল হোসেনের সঙ্গে আদালতে হাজির হন এবং নির্যাতনের ঘটনা নিয়ে ব্যাখ্যা দেন। এক পর্যায়ে আদালতের কাছে ক্ষমাও চান তারা।
ইউপি চেয়ারম্যানের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে না পেরে তাকে আটকের নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে নির্যাতিত গৃহবধূ ফিরোজা বেগমকে আগামী ২৫ জুলাই আদালতে হাজির করতে ওসিকে নির্দেশ দেওয়া হয়।
গত ১৮ জুন দৈনিক সমকালে প্রকাশিত 'জনতার সম্মুখে গৃহবধূকে বর্বর নির্যাতন' শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়, শরণখোলার তাফালবাড়ি গ্রামের সামসুল হকের স্ত্রী ফিরোজা বেগমকে ইউপি সদস্য ফজলুল হক টুকু, গ্রাম পুলিশ নান্না মিয়া নির্যাতন করেন। পরে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেনও ওই ঘটনায় জড়িত হন।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) গত ১৪ জুলাই বিষয়টি নজরে আনলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে।
বাগেরহাটের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শরণখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, ইউপি সদস্য ফজলুল হক টুকু, গ্রাম পুলিশ নান্না মিয়াকে ২১ জুলাইয়ের মধ্যে এর জবাব দিতে বলা হয়। এদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে (২১ জুলাই) বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়।
ওই নির্দেশ অনুযায়ী আদালতে হাজির হয়ে ওসি বলেন, নির্যাতনের ঘটনায় প্রথমে সাধারণ ডায়েরি করা হলেও পরে মামলা হয়েছে।
এ সময় আদালত বলেন, "আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তারা যাওয়ার পরে আপনি মামলা নিয়েছেন। মামলা করতে দেরি করলেন কেন?"
এ ব্যাপারে কোনো জবাব না দিয়ে আদালতের কাছে ক্ষমা চেয়ে ওসি বলেন, "আমার ভুল হয়ে গেছে।"
আদালত বলেন, "এ ভুল ক্ষমার অযোগ্য। আপনি চেয়ারম্যানের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছেন?"
জবাবে ঘুষ নেওয়ার কথা অস্বীকার করেন ওসি।
পরে আদালত ২৫ জুলাইকে পরবর্তী শুনানির দিন ধার্য করে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হককে আদালত চত্বরে গ্রেপ্তার করার পর থানায় নিয়ে আসা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেটি/জেকে/২১৪২ ঘ.
bdnews24