২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্জ্য দিয়ে পশুখাদ্য: হাজারিবাগের কারখানা বন্ধের নির্দেশ

হাজারীবাগে ট্যানারি বর্জ্য দিয়ে হাঁস-মুরগি ও মাছের খাবার উৎপাদনকারী কারখানাগুলো এক মাসের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাজারীবাগে ট্যানারি বর্জ্য দিয়ে হাঁস-মুরগি ও মাছের খাবার উৎপাদনকারী কারখানাগুলো এক মাসের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ নির্দেশ দেয়। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ গত বছর রিটটি করে। ওই রিটের প্রেক্ষিতে গত বছরের ২৬ জুলাই আদালত রুল জারিসহ কয়েক দফা অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়। রুলে মৎস্য ও পশু খাদ্যে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়। স্বাস্থ্য সচিব, মৎস্য সচিব, শিল্প সচিব, পুলিশের মহাপরির্দশকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছিলো। চূড়ান্ত শুনানি শেষে কারাখানাগুলো বন্ধের নির্দেশ দিলো আদালত। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। পরে মনজিল মোরসেদ বলেন, "রায়ে ঢাকাসহ কয়েকটি জেলায় পশু খাদ্য উৎপাদনে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধ ও নিয়ন্ত্রণে দুই মাসের মধ্যে একটি নীতিমালা তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২০২৪ ঘ.