মুন্সীগঞ্জ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদর উপজেলার তাঁতিকান্দি গ্রামে বৃহস্পতিবার বিকালে সম্পত্তি বন্টন নিয়ে দু পক্ষের সংঘর্ষে অন্ততঃ ২০ ব্যক্তি আহত হয়েছে।
আহতদের মধ্যে ৮ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন সোহরাব মিয়া (৫০), রফিক খান (৪৫), শামিম (২৮), পচা খান (৬০), মনির খান (৪০), বাবুল খান (৪৫), জনি (২৪) ও নাসির উদ্দিন (২৫)।
সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুতান আরা বেগম জানান, রক্তাক্ত অবস্থায় উভয় পক্ষের ৮/১০ জন থানায় এসেছিল। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, চাচা ফরহাদ খান এবং ভাতিজা বাবুল খানের মধ্যে জমি বণ্টন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। বর্তমানে এলাকার অবস্থা শান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯২৫ ঘ.
bdnews24