২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তিনটি দোকানে ডাকাতি

সাভার বাজার বাসস্ট্যান্ডে একটি স্বর্ণের দোকানসহ তিনটি দোকানে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

সাভার, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার বাজার বাসস্ট্যান্ডে একটি স্বর্ণের দোকানসহ তিনটি দোকানে ডাকাতি হয়েছে। বুধবার রাতে ডাকাতরা দোকানে ঢুকে নগদ টাকা ও স্বর্নালঙ্কারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায়। মা-মণি জুয়েলার্সের কর্মচারী সুজন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দোকানের শাটার অল্প খোলা রেখে তিনি কাজ করছিলেন। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো। হঠাৎ ৭/৮ জন লোক দোকানে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে সুজনকে জিম্মি করে তিন ভরি সোনা ও দেড়শ ভরি রূপার গহনা লুটে নেয়। পরে ডাকাতরা পাশের হক বেকারির শাটারের তালা কেটে ভিতরে প্রবেশ করে। নৈশ প্রহরীরা বিষয়টি আঁচ করতে পেরে এগিয়ে এলে তাদেরকে বেধে মারধর করে ও মালামাল লুটে নিয়ে যায়। তারা বাবু শীল টেইলার্স নামের একটি দোকানেও ডাকাতি করে। টেইলার্সের মালিক বাবু চন্দ্র শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে তিনি কাজ করছিলেন। হঠাৎ একদল ডাকাত এসে তাকে জিম্মি করে গলায় থাকা স্বর্নের চেইন, নগদ টাকা লুটে নেয়। এসময় বাধা দিলে ডাকাতরা তাকে মারধর করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার পরপরই পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে পুলিশ কোনো মামলা নেয়নি বলে তারা অভিযোগ করেন। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি ডাকাতি নয়। ওটা চুরির ঘটনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯১৬ ঘ.