২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা প্রশাসক সম্মেলন ২৬ জুলাই শুরু

আগের সম্মেলনে নেওয়া সিদ্ধান্তের বেশিরভাগ বাস্তবায়ন না হওয়ার মধ্যে ২৬ জুলাই শুরু হচ্ছে বর্তমান সরকারের সময়ে দ্বিতীয় জেলা প্রশাসক সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 08:41 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের সম্মেলনে নেওয়া সিদ্ধান্তের বেশিরভাগ বাস্তবায়ন না হওয়ার মধ্যে ২৬ জুলাই শুরু হচ্ছে বর্তমান সরকারের সময়ে দ্বিতীয় জেলা প্রশাসক সম্মেলন। তিন দিনের এ সম্মেলন শেষ হবে ২৮ জুলাই। এবারের সম্মেলনে ৩২১টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০১০ সালের জেলা প্রশাসক সম্মেলনে (ডিসি) নেওয়া ২৮৯টি সিদ্ধান্তের মধ্যে মাত্র ১২৭টি সিদ্ধান্ত দ্রততার সঙ্গে বাস্তবায়ন সম্ভব হয়েছে। বাকি ১৬২টি সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন সম্ভব হয়নি। এগুলো বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। এবারের সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব জানান, এবার ২০টি কার্য অধিবেশনে ৩৬টি মন্ত্রণালয় ও বিভাগের কার্যাবলি সম্পর্কিত বিষয়ে আলোচনা হবে। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর জন্য একটি করে দুটি এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও আপ্যায়নের জন্য একটি অধিবেশন রয়েছে। ২৬ জুলাই সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন। ২৮ জুলাই বিকেল ৫টায় হবে সমাপনী অধিবেশন। দেশের ৬৪টি জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকরা ছাড়াও সাতটি বিভাগের বিভাগীয় কমিশনাররা এতে অংশ নেবেন। প্রতিটি অধিবেশনেই বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা এবং সচিবরা অংশ নেবেন। তিনদিনের এ সম্মেলনে দেশের ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও সংস্কার, দারিদ্র্যবিমোচন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সমাজকল্যাণের বিষয়কে প্রাধান্য দেওয়া হবে। তবে আলোচনায় আসবে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার ও ই-গভর্নেন্স, প্রবাসী পরিবারের সদস্যদের সেবাদান, ক্ষুদ্রশিল্প উন্নয়ন ও স্থানীয় শিল্প সহায়ক বিষয়, এলাকা নির্বিশেষে শিশুদের শতভাগ স্কুলে ভর্তি নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ দুষণরোধ ও সংরক্ষণ, বিদ্যুৎ ও সাশ্রয়ী জ্বালানি ব্যবস্থাপনা, সারসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে অগ্রগতি। এসব বিষয়েও বিস্তারিত পর্যালোচনা করা হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, জেলা প্রশাসকসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরকারের সকল পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ থাকে। এরপরও কিছু বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের প্রয়োজন হয়। এসব বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা করা হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাদের বিভিন্ন সমস্যা এবং সমাধানের কৌশলগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করবেন। এতে তাৎক্ষণিকভাবে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিক-নির্দেশনা পাওয়া যাবে। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, জেলা প্রশাসক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপনে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে একটি স্থায়ী 'ভিডিও কনফারেন্স পদ্ধতি' স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী তিনমাসের (অক্টোবর) মধ্যেই এ পদ্ধতি সংযোজনের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪২৮ ঘ.