সাভার, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক আন্দোলনের মুখে আশুলিয়ায় একটি সোয়েটার তৈরির কারখানা অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার ওপেক্স সোয়েটার লিমিটেড কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের সিনিয়র সহকারী পরিচালক (ইনটেলিজেন্স) তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছুটি, আউট পাস ও কারখানার তিন কর্মকর্তাকে অপসারণের দাবিতে দুদিন ধরে প্রায় নয় শতাধিক শ্রমিক আন্দোলন করে আসছিল। কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কোন সমঝোতা করতে না পেরে কারখানাটি অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করে দিয়েছে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উল্লেখিত দাবিতে শ্রমিকরা বুধবার কর্মবিরতি পালন করে। তাদের সঙ্গে বৈঠক করেও কোন সুরাহা হয়নি। এজন্য বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কায় কারখানা বন্ধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪০২ ঘ.
bdnews24