২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ধর্ষিতার আত্মহত্যা, গ্রেপ্তার ৩

ধর্ষণের অপমান সইতে না পেরে বরগুনার বামনা উপজেলার এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 09:59 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

বরগুনা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের অপমান সইতে না পেরে বরগুনার বামনা উপজেলার এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে ভাইজোড়া গ্রামের জেনী আক্তার (১৫) ধর্ষণের শিকার হন। ওই রাতেই তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় জেনীর মা হাসি খানম বাদী হয়ে তাপু, হেমায়েত হোসেন মৃধা, মাকসুদা বেগম, সেলিম মাস্টারসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি তাপুকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে তার বাবা হেমায়েত, মা মাকসুদা ও ফুফা সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুল মান্নান জানান, কিশোরী আত্মহত্যা করেছে বলে পোস্টমর্টেম রিপোর্টে প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আত্মহত্যার আগে ওই কিশোরীকে ধর্ষণসহ অমানুষিক নির্যাতনও চালানো হয়। তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে সিগারেটের আগুনে দগ্ধ করা হয়েছে। বামনা থানার ওসি আজম ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তে অনেক অগ্রগতি হয়েছে। মামলার প্রধান আসামি 'ধর্ষক' তাপুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সোমবার রাতে কিশোরী জেনী ধর্ষণের শিকার হন। ওইরাতেই তিনি ফাঁসিতে আত্মহত্যা করেন। মঙ্গলবার সকালে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৩ ঘ.