পঞ্চগড়, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় জেলায় ভারতের ১২টি ছিটমহলে মোট জনসংখ্যা ১৮ হাজার ৮৯১।
এর মধ্যে পুরুষ ৮ হাজার ৭৯১ জন ও নারী ৯ হাজার ১০০ জন।
ছিটমহলের জনগণনা শেষে পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
গত ১৫ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত বাংলাদেশ ও ভারত যৌথভাবে ছিটমহলে জনগণনা করে। উভয় দেশের জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কাজ তদারকি করে।
ডিসি মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, সদর উপজেলার দুটি ছিটমহলের মধ্যে সিংগীমারি ছিটমহলে কোনো জনবসতি নেই। অপর ছিটমহল গারাতিতে মোট জনসংখ্যা এক হাজার ৯২৭। এর মধ্যে পুরুষ ৯৯২ জন ও নারী ৯৩৫ জন।
বোদা উপজেলার ছয়টি ছিটমহলে মোট জনসংখ্যা ৩ হাজার ৪৫৪। এর মধ্যে পুরুষ এক হাজার ৭৯৬ জন ও নারী এক হাজার ৬৫৮ জন।
দেবীগঞ্জ উপজেলার চারটি ছিটমহলে মোট জনসংখ্যা ১৩ হাজার ৫১০। এর মধ্যে পুরুষ সাত হাজার ৩ জন ও নারী ছয় হাজার ৫০৭ জন।
ডিসি জানান, দুই দেশের গণনাকারীদের হিসাব থেকে জনসংখ্যার এ তথ্য পাওয়া গেছে। গণনা কার্যক্রম নিখুঁতভাবে করা হয়েছে। কারো কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
গারাতি ছিটমহল নাগরিক কমিটির সভাপতি মফিদার রহমান বলেন, মোট জনসংখ্যার তথ্যে কোনো গরমিল নেই। বলা যায়, সঠিক তথ্যই উঠে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮২১ ঘ.
bdnews24