নীলফামারী, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুরে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনারকলি মাহাবুব এ সাজা দেন।
দণ্ডিত মাহবুল ইসলাম মঙ্গলু উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের হাজিপাড়া গ্রামের বাসিন্দা।
ইউএনও জানান, দুপুরে সৈয়দপুর লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী ক্লাস শেষে রিকশায় বাড়ি যাচ্ছিলো। পথে ২ নম্বর রেল ঘুন্টি ঘরের কাছে বখাটে মঙ্গলু জোর করে ছাত্রীটির রিকশায় উঠে পড়ে এবং অশালীন আচরণ করে।
এসময় ছাত্রীটি চিৎকার দিলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট ফারুক হোসেন মঙ্গলুকে ধরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৭ ঘ.
bdnews24