২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরত্বের পুরস্কারের অনুদান বাড়ছে

সামরিক বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের বীরত্ব বা সাহসিকতাপূর্ণ কাজের জন্য আর্থিক অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামরিক বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের বীরত্ব বা সাহসিকতাপূর্ণ কাজের জন্য আর্থিক অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের বলেছেন, এ বিষয়ে ৭ অগাস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে এবং বর্তমানে দ্রব্যমূল্যে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তারা যেন স্বচ্ছলভাবে দিনযাপন করতে পারে তাই ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাহসিকতা কাজের জন্য এখন কী পরিমাণ অনুদান বা ভাতা দেওয়া হচ্ছে, জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি মন্ত্রী। বীরত্বপূর্ণ কাজের জন্য এককালীন একটি মোটা অংকের ভাতা এবং প্রতিমাসে সম্মানজনক একটি ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, অনেক সময় দেখা গেছে এক বাহিনী পুরস্কার পেয়েছে, কিন্তু অন্য এক বাহিনী পুরস্কার পায়নি। এতে সামঞ্জস্য আনার প্রস্তাব রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, সাহসিকতাপূর্ণ কাজের জন্য কোস্ট গার্ডের জন্য কোনো পুরস্কার ছিলো না। আগামীতে তাদের জন্যও দুটি পুরস্কার রাখার সিদ্ধান্ত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের ভাতা যুক্তিযুক্তভাবে বৃদ্ধি করা হবে। তবে কত বৃদ্ধি করা হবে তা জানাতে পারেননি তিনি। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বাহিনীতে সাহসিকতাপূর্ণ কাজের জন্য ১৪টি পদক দেওয়া হয়। এর সঙ্গে এখন কোস্ট গার্ডের জন্য আরো দুটি পদক যুক্ত করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরআরডি/এমআই/১৭১০ ঘ.