চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শিক্ষার্থীদের মনোবল ফেরাতে কাজ শুরু করেছেন দুই চিকিৎসক।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরসরাই আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কয়েকটি শ্রেণীকক্ষে দুই চিকিৎসক শিক্ষার্থীদের কাউন্সেলিং এবং স্বাস্থ্য পরীক্ষা করেন।
গত ১১ জুলাই স্কুলছাত্রদের বহনকারী মিনি ট্রাক উল্টে ডোবায় পড়ে ৩৯ জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো একজন। এদের মধ্যে ৩৮ জন স্কুলছাত্র। তারা সবাই মিরসরাই স্টেডিয়াম থেকে খেলা দেখে ফিরছিলো।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সচিবালয়ে উচ্চ পর্যায়ের এক সভায় মনোবিজ্ঞানী পাঠানোর সিদ্ধান্ত হয়।
পরদিনই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মনোরোগ বিভাগের প্রধান ডা. মহিউদ্দিন শিকদার ও নিউরো মেডিসিনের প্রধান ডা. হাসানুজ্জামান বিদ্যালয়ের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণীতে গিয়ে সাধারণ শিক্ষার্থী এবং দুর্ঘটনায় বেঁচে যাওয়াদের সঙ্গে কথা বলেন।
ডা. মহিউদ্দিন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা শ্রেণীকক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণ করে কাউন্সেলিং এবং স্বাস্থ্য পরীক্ষা করেছি।
শিক্ষার্থীরা মানসিকভাবে পূর্বের চেয়ে অনেক ভাল অবস্থানে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনার পর তাদের (শিক্ষার্থীদের) মনে প্রভাব পড়েছে। তা ধীরে ধীরে কমছে। এ থেকে মুক্তি পেতে শিক্ষার্থীদের কিছু ব্যায়ামও শেখানো হয়েছে।
"স্বাস্থ্য পরীক্ষায় আহত অবস্থা থেকে ফিরে আসা কোন শিক্ষার্থীদের মধ্যে গুরুতর কোন সমস্যা পাওয়া যায়নি", যোগ করেন মহিউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএল/১৬৪৩ ঘ.
bdnews24