২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনবাজারের ঘটনায় কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 08:34 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনে বুধবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেয়। একইসঙ্গে ওই ছাত্রদের জীবন রক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতাকে কেন সংবিধান বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং আশুলিয়া ও সাভার থানার ওসিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন অব হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক আইনজীবী তাজুল ইসলাম সকালে এ রিট আবেদন করেন। আবেদনকারীর পক্ষে আইনজীবী এম বদরুদ্দোজা শুনানিতে অংশ নেন। গত সোমবার শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ঢাকার ছয় ছাত্র নিহত হয়। এ ঘটনা তদন্ত হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৪২৫ ঘ.