২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় ৬ ঘণ্টা পরিবহন ধর্মঘট বুধবার

শ্রমিককে মারধর করার প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় বুধবার ছয় ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 06:54 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

গাজীপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিককে মারধর করার প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় বুধবার ছয় ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে শ্রমিকরা। মঙ্গলবার সন্ধ্যায় কাপাসিয়ায় পরিবহন মালিক ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে এ কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাপাসিয়া থেকে কোনো গাড়ি ছাড়বে না বলে শ্রমিক নেতারা জানান। গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. আক্রাম হোসেন জানান, সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল্লাপুর এলাকায় এক ব্যক্তি ঢাকা থেকে কটিয়াদিগামী কাউন্টার সার্ভিসের জলসিড়ি পরিবহনের একটি বাসকে থামার সংকেত দেয়। কিন্তু কাউন্টারের বাইরে হওয়ায় চালক নাজিম উদ্দিন না থেমে চলে যান। এর জেরে বাসটি কটিয়ায়াদি থেকে ঢাকা ফেরার পথে সন্ধ্যায় ১৫-২০ জন যুবক কাপাসিয়া সেতুর টোল প্লাজা অতিক্রমের পর বাসটি আটকিয়ে চালককে ইট দিয়ে মাথায় আঘাত করে এবং বাসটির ক'টি জানালার কাচ ভাংচুর করে। পরে চালকের সঙ্গে থাকা সাড়ে ৪ হাজার টাকা, ১টি মোবাইল ফোন সেট ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে যায়। ওই বাসে থাকা পরিবহনের পরিচালক বকুল দর্জি বাসটি চালিয়ে নিয়ে যান। জখম হওয়া চালককে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় পরিবহন শ্রমিকরা সেতু এলাকায় বিক্ষোভ করে। এরপর সেতুর পাশে প্রতিবাদ সমাবেশ করে। কাপাসিয়া থানার ওসি জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের কর্মসূচি প্রত্যাহার করানোর চেষ্টা চলছে। বাসে হামলার ঘটনায় জড়িত অভিযোগে রাতে খায়রুল ইসলাম (২০) নামে একজনকে কাপাসিয়া সেতু এলাকা থেকে আটক করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৬ ঘ.