নারায়ণগঞ্জ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা আইনশৃঙ্খলা কমিটির বুধবারের মাসিক সভায় উপস্থিত থাকতে অপরাগতা প্রকাশ করে জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন সারাহ বেগম কবরী।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের এই আওয়ামী লীগ দলীয় সাংসদ চিঠিটি পাঠান।
চিঠিতে কবরী উল্লেখ করেন, গত ১৮ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনেই শামীম ওসমান তাকে (কবরী) অকথ্য ভাষায় গালাগাল দেন এবং এক পর্যায়ে মারতে তেড়ে আসেন।
ওই সভাতেই শামীম ওসমান শহর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনের মুখে ঘুষি মারেন বলে কবরীর চিঠিতে দাবি করা হয়।
তিনি আরো লেখেন, গত ১৭ মে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ব্যবসায়ী আশিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানালে শামীম ওসমানের বড় ভাই নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাপা দলীয় সাংসদ নাসিম ওসমান তার উদ্দেশে বলেন, "দু'চারটি খুন হতেই পারে। এটা কোনো ব্যাপার না।"
এছাড়া ২০১০ সালের অগাস্টে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ডিসি ও এসপির সামনেই নাসিম ওসমান সাংসদ তাকে (কবরী) দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন।
"আপনার কার্যালয়ে আপনার সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন সভায় একের পর এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আপনি কী কার্যকর ব্যবস্থা নিয়েছেন তা আমাকে জানাননি। এ কারণে ২০ জুলাই অনুষ্ঠিতব্য জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আমি উপস্থিত থাকতে অপরাগতা প্রকাশ করছি," চিঠিতে লেখেন কবরী।
এ ব্যাপারে বিকালে জেলা প্রশাসক মো. সামছুর রহমান বলেন, "আমি ঢাকায়। সাংসদ কবরীর চিঠি এখনও আমি দেখেনি। চিঠিটি দেখে পরে মন্তব্য করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৭ ঘ.
bdnews24