জামালপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে জামালপুরে দুই 'রাজাকার' সহোদরের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার জামালপুর সদর থানায় মামলাটি দায়ের করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদর উপজেলা যুগ্ন সম্পাদক রানা সরকার।
আসামিরা হলেন সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া গ্রামের এসএম ইউসুফ আলী ও ইমদাদুল হক দুলাল।
মামলায় তাদের রাজাকার বলে উল্লেখ করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৭১ সালের ১৫ জুলাই রাতে রাজাকার এসএম ইউসুফ আলী ও ইমদাদুল হক দুলাল উপজেলার শ্রীপুর কুমারিয়া গ্রামের বাদীর চাচা আলতাফ আলীকে গুলি করে হত্যা করে। এরপর তারা গ্রামের মোজাম্মেল হোসেন ও জুলহাস হোসেনকে বাড়ি থেকে ধরে জামালপুর পিটিআইতে হানাদার বাহিনীর ক্যাম্পে নিয়ে হত্যা করে।
আসামি ইউসুফ আলী জামালপুর শহরের সিংহজানী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। বর্তমানে শহরের মধুপুর রোডে নিজের বাড়িতে থাকেন।
জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, মামলাটি জামালপুর থানা থেকে ঢাকায় যুদ্ধাপরাধ তদন্ত সেলে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১০ ঘ.
bdnews24