ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল দলিলে একটি জাতীয় দৈনিকের সাবেক নির্বাহী সম্পাদকের বাড়ি বিক্রির চেষ্টার দায়ে তিন প্রতারকের চার বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে দণ্ডিতদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং তা অনাদায়ে অতিরিক্ত ৬ মাস সাজা ভোগ করতে হবে।
মঙ্গলবার দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া জিন্নাহ এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- শাজাহান মোল্লা, শাজাহান সিরাজ ও এনামুল হক। রায় ঘোষণার সময় শাজাহান ছাড়া বাকি দুই জন পলাতক ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৬৭ সালের ২২ জুলাই দৈনিক অবজারভারের নির্বাহী সম্পাদক আবদুর রহিমকে গুলশান-১ নম্বরের ২৬ নম্বর সড়কে ১২ কাঠা প্লট বরাদ্দ দেয় তৎকালীন ডিআইটি (বর্তমান রাজধানী উন্নয়ন কতৃর্পক্ষ )। তখন থেকে তিনি সেখানে বাস করে আসছেন।
২০০৮ সালের ৫ মে তারিখে আসামিরা জাল আম মোক্তারনামা বানিয়ে ওই বাড়িটি রাজধানীর পল্টন এলাকার 'মা-বাবা বিল্ডার্স' নামে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের কাছে বিক্রির চেষ্টা করে।
ঘটনা জানতে পেরে আবদুর রহিম ওই তিন জনকে আসামি করে গুলশান থানায় একটি মামলা করেন।
রায়ের পর আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিরা তাকে মামলা তুলে নেওয়ার জন্য বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি দিয়েছিলো। এ ঘটনায় তিনি একটি সাধারণ ডায়েরিও করেছেন।
দণ্ডিত শাহজাহান মোল্লা একটি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং শাহজাহান সিরাজ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৭০৭ ঘ.
bdnews24