নরসিংদী, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে অনার্স পার্ট-৩ পরীক্ষার সময় এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে নরসিংদী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সাজ্জাত হোসেন (২০) নামের ওই ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন জানান, মূল পরীক্ষার্থী ফয়সাল মুন্নার পরিবর্তে নরসিংদী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সাজ্জাত হোসেন ওই কেন্দ্রের ৬নং কক্ষে বিজনেস কমিউনিকেশন বিষয়ে পরীক্ষা দিচ্ছিলেন।
পরীক্ষার হলে দায়িত্ব পালনকারী শিক্ষক আবুল কালাম আজাদের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাকে চ্যালেঞ্জ করেন।
এসময় সাজ্জাত দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৫৭ ঘ.
bdnews24