ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব গিয়াসউদ্দিন আহমেদকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
এছাড়া পেট্রোবাংলার অধীনস্থ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (টিএণ্ডডি) মহাব্যবস্থাপক (প্রশাসন) এসএম ফারুককে একই পদে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার অবসর উত্তর ছুটির (পিআরএল) বাকি অংশ বাতিল করা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পরিচালক (বিজ্ঞাপন) এম মোনওয়ারুল ইসলামের পিআরএল বাতিল করে তাকে একই পদে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
পিআরএল বাতিল করে রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (ডার্মাটোলজি) ডা. আব্দুর রউফকে একই পদে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার মামুন অর রশীদকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রেস শাখার প্রথম সচিব (প্রেস) নিয়োগ করা হয়েছে। তাকে ওই পদে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
এজন্য তাকে অন্য সব সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬৩৮ ঘ.
bdnews24