মাগুরা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস শ্রমিককে মারধরের প্রতিবাদে মাগুরা-ঝিনাইদহ সড়কে অনির্দিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘট শুরু করেছে মাগুরা জেলা বাস ট্রাক মালিক-শ্রমিক ইউনিয়ন।
ধর্মঘটের ফলে মাগুরা থেকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরেপুরে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ওদিকে মাগুরা থেকে যশোর ও খুলনার বাস যাচ্ছে বাইপাস সড়ক হয়ে।
মাগুরা জেলা বাস মালিক সমিতির নেতা এস এ সাদী জানান, ঝিনাইদহ জেলা বাস মালিক সমিতির সদস্যরা দীর্ঘদিন ধরে মাগুরার বাস শ্রমিকদের ওপর নির্যাতন চালিয়ে আসছে।
"১১ জুলাই ঝিনাইদহের শ্রমিকরা বিনা অপরাধে মাগুরার নওশের আলী নামে এক চালককে বেদম মারপিট করে এবং তার বাস ভাংচুর করে।"
তিনি জানান, ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করে দায়ীদের বিচার দাবি জানিয়ে মঙ্গলবার পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছিল। কিন্তু তারা এ সময়ের মধ্যে কোন পদক্ষেপ না নেওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী ধর্মঘট শুরু হয়েছে।
সকাল থেকেই মাগুরা শহরের ভায়না মোড়, সার্কিট হাউজ ও ঢাকা বাসস্ট্যান্ডসহ পাঁচটি পৃথক স্থানে তল্লাশি চৌকি বসিয়েছে স্থানীয় শ্রমিকরা।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বিষয়টি সমাধানের জন্য জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মালিক শ্রমিকদের বৈঠক হচ্ছে।
তবে বৈঠকটি কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৫৪৭ ঘ.
bdnews24