বগুড়া, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে জেলার শাজাহানপুর থানায় দুর্ঘটনায় এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। অপর দুর্ঘটনাটি ঘটে ধুনটে। সেখানে ট্রাক্টর খাদে পড়ে চালকের মৃত্যু হয়।
নিহত মটর সাইকেল আরোহী ডালিম (৩৭) শাজাহানপুর থানার বেড়াগাড়ি গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে এবং ট্রাক্টর চালক খোকন তালুকদার (৩০) ধুনটের বেলকুটি গ্রামের গেদা তালুকদারের ছেলে।
শাজাহানপুর থানার ওসি আনিছুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের টেঙ্গামাগুর নামক স্থানে একটি ট্রাক ডালিমকে বহনকারী মটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ডালিমের মৃত্যু হয়।
ধুনট থানার ওসি তোজাম্মেল হক জানান, খোকন বাড়ির অদূরে জমিতে হালচাষের জন্য ট্রাক্টর নিয়ে মাঠে যাচ্ছিল। পথে বেলকুটি ইটভাটা সেতুর ওপর উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ পাশের খাদে পড়ে যান তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে ধুনট স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় খোকন মারা যায়।
দুই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪২০ ঘ.
bdnews24