গাজীপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লুটের ২৮০ বস্তা চালসহ গাজীপুরের জয়দেবপুরে একটি ট্রাক আটক করেছে পুলিশ। ট্রাকটি ছিনতাইয়ে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ভোরে কড্ডা এলাকা থেকে ট্রাকসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাকি চারজনকে গ্রেপ্তার করে।
দুপুরে আদালতে হাজির করলে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এরা হলেন নজরুল ইসলাম (২৩), রবি (২২), ইয়াছিন (২০), নয়ন মিয়া (১৮), শুকুর আলী (২৫) ও মো. রুবেল (২৩)।
কালিয়াকৈর থানার ওসি আমির হোসোন জানান, রোববার রাত ১২টার দিকে নওগাঁ থেকে চালভর্তি একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় পৌঁছলে একটি মাইক্রোবাসে কয়েকজন ট্রাকটির পিছু নিয়ে সফিপুর আনসার একাডেমির সামনে গতিরোধ করে।
মাইক্রোবাসে থাকা ডাকাতরা ট্রাকের চালককে নামিয়ে দিয়ে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
ট্রাকটি কড্ডা এলাকায় যাওয়ার পর বিকল হয়ে পড়লে ডাকাত দলের দুইজনকে রেখে বাকিরা মাইক্রোবাস নিয়ে চলে যায়।
ওই সময় টহল পুলিশ ট্রাকসহ নজরুল ও রবিকে আটক করে ট্রাকসহ কালিয়াকৈর থানায় সোপর্দ করে।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার যাত্রাবাড়ী, খিলগাঁও ও মীরপুর থেকে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়।
তবে ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করা যায়নি বলে পুলিশ কর্মকর্তা জানান।
ওসি আমির হোসেন আরো বলেন, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা হয়েছে।
গ্রোপ্তার হওয়া নজরুল ইসলাম থানায় সাংবাদিকদের জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মহাসড়কে যানবাহনে ডাকাতির সঙ্গে জড়িত রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৭ ঘ.
bdnews24