২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশার গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে আহত ৭

নগরীর বায়েজীদ থানাধীন ট্যানারি বটতল এলাকায় সিএনজি চালিত অটোরিকশার গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে সাত জন আহত হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 07:58 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজীদ থানাধীন ট্যানারি বটতল এলাকায় সিএনজি চালিত অটোরিকশার গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে সাত জন আহত হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, রোববার রাত পৌনে ২টার দিকে ফটিকছড়িগামী অটোরিকশাটি ট্যানারি বটতল এলাকায় পৌঁছালে হঠাৎ সিলিণ্ডারটিতে বিস্ফোরণ ঘটে। আহতরা হলেন তিন ভাই আলাউদ্দিন (২৪), সাহাবুদ্দিন (২৮), রাজু ইসলাম (২৬) ও তাদের ভগ্নিপতি জাহাঙ্গীর (২৪)। অন্যরা হলেন- অটোরিকশার চালক শাহাবুদ্দিন (২৬), রবিউল (২৬) ও হেলাল (২৪)। চালক বাদে অপর ছয় জনের বাসা নগরীর খুলশী ওয়ারলেস গেট এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় আলাউদ্দিন ও সাহাবুদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। বায়েজিদ থানার ওসি মহিউদ্দিন সেলিম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শবে বরাত উপলক্ষে অটোরিকশার যাত্রীরা ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ যাওয়ার পথে ট্যানারি বটতল এলাকায় গ্যাস সিলিণ্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় অটোরিকশার দুই পাশের গ্রিল লাগানো থাকায় কেউ বের হতে পারেনি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে এবং পানি দিয়ে অটোরিকশাটির আগুন নেভায়। চমেক হাসপাতালের সহকারী অধ্যাপক মো. আইয়ুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে কয়েকজনের মুখ, হাত, পা, ও বুকের কিছু অংশ পুড়ে গেছে। তবে আলাউদ্দিন ও সাহাবুদ্দিনের শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩৫৬ ঘ.