বরিশাল, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে স্কুল ছাত্রীকে (১৪) ধর্ষণে সহায়তাকারী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মরিয়ম বেগম (২০) নামের ওই নারীকে শায়েস্তাবাদ ইউনিয়নের মধ্য চরআইচা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গত সোমবার বিকালে ওই স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। ছাত্রীটি শনিবার কাউনিয়া থানায় মামলা করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) এআর মুকুল বলেন, ছাত্রীটিকে ধর্ষণ ও এতে সহায়তার অভিযোগে ধর্ষক জসিম (২৮), অনিক চৌকিদার (২৫), ভিডিও চিত্র ধারণকারী রানা, ছাত্রীকে ডেকে নিজ ঘরে নেয়া মরিয়ম বেগম (২০) ও মাসুমকে (২৫) আসামি করা হয়েছে।
মামলার নামীয় আসামি হিসাবে দুপুর ১টার দিকে মরিয়ম বেগমকে গ্রেপ্তার করা হয়। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলায় ছাত্রী অভিযোগ আনেন, কিছুদিন আগে তিনি শায়েস্তাবাদে দক্ষিণ চরআইচা গ্রামে নানার বাড়িতে এসে উঠেন। সোমবার দুপুরে নানার বাড়ির পাশে খালে গোসল করতে যান।
এ সময় পাশের বাড়ির শাহজাহান হাওলাদারের মেয়ে মরিয়ম তাকে ডেকে ঘরে নেয়। ওই ঘরে আগে থেকেই অবস্থান করছিলো পূর্ব চরআইচা গ্রামের জসিম ও অনিক। এই দুইজন তাকে পালাক্রমে ধর্ষণ করে। তাদের সহায়তা করে এবং সেই দৃশ্য মোবাইল ফোন সেটে ভিডিও করে রানা ও মাসুম।
ধর্ষণ শেষে তারা তাকে মরিয়মের ঘরে ফেলে রাখে। পরে মরিয়ম তাকে নানা বাড়িতে পৌঁছে দেয় এবং এই ঘটনা কারো কাছে প্রকাশ করতে নিষেধ করে। প্রকাশ করলে জসিম, অনিক, মাসুম ও রানা মেয়েটিকে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
ধর্ষণের ভিডিও চিত্র বখাটেরা বাজারেও ছেড়ে দেয়।
মহিলা পরিষদের আইন সহায়তা সম্পাদিকা প্রতিমা সরকার বলেন, স্কুল ছাত্রীকে নিয়ে মামলা করা হয়েছে। শিশুকন্যার পরিবার দরিদ্র হওয়ায় বর্তমানে সে একটি বেসরকারি শিশু সহায়তা কেন্দ্রে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২০৩ ঘ.
bdnews24