২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আদালতে জবানবন্দি দিলেন সেই ছাত্রী

চট্টগ্রামে পুলিশ পরিদর্শকের ধর্ষণচেষ্টায় ভুক্তভোগী কলেজছাত্রী ও তার বন্ধু আদালতে জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশ পরিদর্শকের ধর্ষণচেষ্টায় ভুক্তভোগী কলেজছাত্রী ও তার বন্ধু আদালতে জবানবন্দি দিয়েছেন। শনিবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম এইচ এম ফজলুল বারী ২২ ধারায় দুইজনের পৃথক জবানবন্দি রেকর্ড করেন। ভুক্তভোগী ছাত্রীটি চার পৃষ্ঠা এবং তার বন্ধু তিনপৃষ্ঠার জবানবন্দি দেন। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত তারা জবানবন্দি দেয়। গত মঙ্গলবার নগরীর একটি বেসরকারি কলেজের ছাত্রী ও তার এক ছেলেবন্ধু বিনোদন কেন্দ্র ফয়'স লেকে বেড়াতে গেলে পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জোরপূর্বক দুইজনকে একটি গাড়িতে তুলে নগরীর চকবাজার এলাকায় 'আল আকাবা' হোটেলে নিয়ে যায়। রাতে দুজনকে দুটি কক্ষে আটকে রেখে ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা চালায় মিজান। এসময় ওই ছাত্রী হোটেল কক্ষের শৌচাগারে আশ্রয় নেয় এবং জ্ঞান হারিয়ে ফেলে। পরে দুজনকে উদ্ধার করা হয়। ছাত্রীর অভিভাবক কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি করেন। মিজানুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পরিদর্শক (তদন্ত)। তিনি একটি মামলায় সাক্ষ্য দিতে ৫দিনের ছুটিতে চট্টগ্রামে গিয়ে ওই হোটেলে ওঠেন। ছাত্রী ও তার বন্ধু জবানবন্দিতে কিভাবে মিজানুর রহমান তাদেরকে জোরপূর্বক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে তার বর্ণনা দেন। পুলিশ ওই হোটেলের ব্যবস্থাপক শামসুদ্দিন ও হোটেল বয় তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/২১৩৩ ঘ.